সেনাবাহিনীর উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প


আল মামুন    |    ০৪:২৬ পিএম, ২০২০-১১-২৪

সেনাবাহিনীর উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির দীঘিনালায় বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে ২০৩ পদাতিক  ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের আয়েজনে উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত চিকিৎসা সেবা  ক্যাম্পে ৫টি ইউনিয়নের গরীব দুঃস্থ পাহাড়ী-বাঙালি পরিবারের সদস্যদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচিগ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে দীঘিনালার ৫ টি ইউনিয়নে ১০০০ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ করা হয়েছে।

 দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে  ৪টি বুথ ও ২ মেডিসিন কর্নার স্থাপন করে উপজেলার অন্তত ১ হাজার মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হয়। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা ও ওষুধ পাওয়ায়  খুশি সাধারণ মানুষ।